আফগানিস্তান দখল করা তালেবান বাহিনীর কাছে এখন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন খুব জরুরি। প্রতিবেশী দেশ পাকিস্তান জানিয়েছে, এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না তারা। স্বীকৃতির বিষয়টি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করবে ইসলামাবাদ।
আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার বৈঠকে বসেছিল পাকিস্তানের মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গত শতকের নব্বইয়ের দশকে আফগানিস্তানে যখন তালেবান সরকার গঠন করেছিল তখন যে তিনটি দেশ সবার আগে স্বীকৃতি দিয়েছিল, তার একটি পাকিস্তান। তবে এবার তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না পাকিস্তান।’
এ বিষয়ে তিনি বলেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়ার আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। রক্তপাত ছাড়াই কাবুলে ক্ষমতার পালাবদল ঘটেছে। দেশটিতে রক্তপাত এড়ানো সম্ভব হওয়ায় পাকিস্তান সরকার বেশ খুশি।’
তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক উৎখাত করেছে। নির্বাচিত প্রেসিডেন্টকে দেশছাড়া করেছে। তাই আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলে ওই সরকারকে কানাডা আপাতত স্বীকৃতি দেবে না।