বিএনপির কর্মসূচি সরকার পুলিশ দিয়ে দমন করে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপির কোনো কর্মসূচি দেখলেই পুলিশ দিয়ে দমন করে।’ গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভোটারবিহীন সরকার দেশ পরিচালনা ও মহামারী করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন বিএনপির ওপর দমন- নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গত মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতের কর্মসূচিতে নির্মম হামলার প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হামলা চালানো হয়েছে। আজও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের আহত করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলাকালে মৌচাক ও মালিবাগ বিশ্বরোডসহ মহানগরীর কয়েকটি স্থানে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার ও বেধড়ক লাঠিচার্জ করে তাদের গুরুতর আহত করেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে। কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় ছয়জন নেতাকর্মীকে আটক এবং অন্য নেতাকর্মীসহ পথচারীদেরও হয়রানি করা হয়। গত মঙ্গলবার রাতে মহানগরীর বিভিন্ন নেতাকর্মীর বাসায় তল্লাশির নামে পুলিশ হয়রানি করেছে।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের সহায়তার জন্য বিএনপির মানবিক উদ্যোগ “করোনা হেল্প সেল”-এর কার্যক্রমেও হামলার মতো ন্যক্কারজনক অমানবিক কাজ করতে পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। আজ (গতকাল বুধবার) নরসিংদীর মনোহরদীতে করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করেছে।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান এবং ফেনী জেলাধীন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। এভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি ও হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। তারা বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির কোনো কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনে বেপরোয়া হয়ে উঠেছে।’

বিবৃতিতে মির্জা ফখরুল এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির জোর দাবি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।