বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন।
বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ১নং যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ বাবু’র ও রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহারিয়ার বাবু’র নাম জানাগেলেও বাকিদের নাম জানা যায়নি।
এদিকে পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরিশালে সকাল থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী। সকাল থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পাশাপাশি বরিশাল নৌ বন্দরেও বন্ধ রাখা হয় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। পরে বেলা সাড়ে ১২টার দিকে বাস ও লঞ্চ চলাচল শুরু করে।