আইডিআরএ চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ঘুষ দাবির অভিযোগ তদন্তের অংশ হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনসহ নিয়ন্ত্রক সংস্থাটির ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২২ ও ২৩ আগস্ট দুদক কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মোশাররফের বিরুদ্ধে জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগটি তদন্তে গত ৪ মার্চ দুদকের উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এছাড়া সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, তদন্ত কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধান শেষে আইডিআরএ চেয়ারম্যান মোশাররফসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন। মোশাররফ ছাড়াও আইডিআরএ সদস্য মো. দলির উদ্দিন, মইনুল ইসলাম, পরিচালক মো. শাহ আলমসহ আরও দুই কর্মকর্তাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। 

এর আগে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে গত ফেব্রুয়ারি মাসে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদের নেতৃত্বে তিন সদস্যের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলেও তা প্রকাশ করা হয়নি। ঘুষ দাবির অভিযোগ থাকায় গত ১ মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনকে রাখা হয়নি, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ আচরণেরও’ অভিযোগ আনে প্রতিষ্ঠানটি। ওই সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান বলেন, আইডিআরএ বর্তমান চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, যিনি এক সময় ডেল্টা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ক্ষমতার সুযোগ নিয়ে তিনি নানাভাবে ডেল্টা লাইফকে হেনস্তা করছেন। তিনি ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার মেয়াদ নবায়নের বিষয়টি অনুমোদন করেননি। কোম্পানির পরিচালনা পর্ষদ বহিষ্কার করে প্রশাসক নিয়োগেরও হুমকি দিচ্ছেন আইডিআরএর চেয়ারম্যান।

উৎকোচ দাবির অভিযোগ তুলে কোম্পানির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন বিষয় সমাধানের জন্য আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কোম্পানির কাছে প্রথমে ২ কোটি, পরে ১ কোটি ও সর্বশেষ ৫০ লাখ টাকা উৎকোচ দাবি করেন বলে ওই সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এ সংক্রান্ত অডিও ক্লিপ ও ট্রান্সক্রিপটি দুদকে অভিযোগ আকারে দাখিল করা হয়েছে। পরে এ বিষয়ে হাইকোর্ট অধিকতর তদন্ত করার আদেশ দিয়েছে।

ওই সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান বলেন, আইডিআরএর চেয়ারম্যান আমাদের কাছে ঘুষ চেয়েছিলেন। আমাদের কাছে এর রেকর্ড রয়েছে।

ঘুষের অভিযোগ তুলে ডেল্টা লাইফের সংবাদ সম্মেলনের পর গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ। প্রশাসক হিসেবে সুলতান-উল-আবেদীনের কার্যক্রম বিতর্ক তৈরি হলে গত জুনে ডেল্টা লাইফের পরামর্শকের দায়িত্বে থাকা সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে  কোম্পানিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ। তাছাড়া ডেল্টা লাইফে পর্ষদের স্থগিতাদেশের মেয়াদও অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে।