দেশে চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৯৮ জন। আক্রান্তের সংখ্যায় যা পুরো জুলাই মাসের দ্বিগুণ। গেল জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৭০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছে ২৪০ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৩০ জন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৯৩ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা যায় ১ জন। এ নিয়ে মৃতের সংখা দাঁড়িয়েছে ৩১ জন।
এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ৯৮২ জন।