পাকিস্তানের থেকেও দেশের অবস্থা খারাপ : ফখরুল

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু বরিশাল কেন? সারা দেশেই আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও খারাপ।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বরিশাল কেন? সবখানেই একটা সন্ত্রাসের রাজত্ব। এটা তো একটা রেইন অব টেরোর। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের অফিসকক্ষে কীভাবে তালা লাগিয়ে দিয়েছে এবং কীভাবে তাকে থ্রেট করেছে। এটাকে কি কোনো সভ্য গণতান্ত্রিক দেশ বলবেন? এটা তো পাকিস্তানিদের থেকেও খারাপ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সারা দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণেও বাধা দেওয়া হচ্ছে। গত বুধবার নরসিংদীতে, যশোরে আওয়ামী সন্ত্রাসীরা কীভাবে হামলা চালিয়েছে। প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যাতে বিরোধী দল মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জনগণের কথা না বলতে পারে। জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল যেন এই ভয়াবহ দানবীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে। সেজন্য এই দমনপীড়নমূলক কাজ করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকেও এখানে আসার আগে আমি শুনেছি, ২৫ জনের মতো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা গত পরশু এবং আজকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং একই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সংগঠনের নেতা গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসীন আলী, সাদরেজ জামান, রফিক হাওলাদার, মনির  হোসেন, ফখরুল ইসলাম রবিন, ডা. জাহিদুল কবির, নাজমুল হাসান, সরকার মো. নুরুজ্জামান প্রমুখ।