লিওনেল মেসি পিএসজিতে যোগ দিলেও এখনো ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামা হয়নি তার। বেশ কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছিল, ২৯ অক্টোবর প্যারিসের ক্লাবটির হয়ে অভিষেক হতে পারে এই আর্জেন্টাইনের। সেই সম্ভাবনা আরো বাড়িয়ে দিল পিএজসি তারকা মাউরো ইকার্দির ইনজুরি।
মেসির স্বদেশি ইকার্দি শুক্রবার রাতে লিগ ওয়ানে ব্রেস্তকে ৪-২ গোলে হারানো ম্যাচে ডান কাঁধে চোট পান। যে কারণে তাকে মাঠ ছেড়ে যেতে হয়। ম্যাচ শেষে ফ্রেঞ্চ মিডিয়াকে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছিলেন, তিনি আশা করছেন ইকার্দির ইনজুরি নিয়ে ভয়ের কিছু নেই।
কিন্তু বাস্তবতা হচ্ছে ইকার্দির ইনজুরির অবস্থা দেখে খুব ভালো মনে হচ্ছে না। যদি ইকার্দি কয়েক সপ্তাহের জন্য ছিটকে যান, তবে তা মেসির অভিষেক ত্বরান্বিত করবে।
চলতি গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। ১০ জুলাই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর প্রায় এক মাস তিনি ফুটবল থেকে পুরোপুরি দূরে ছিলেন।
পিএসজিতে যোগ দেওয়ার পর গত সপ্তাহে দলের অনুশীলনে যোগ দেন মেসি। ম্যাচ ফিটনেস ফিরে পেতে পরিশ্রম করছেন এই তারকা।
২৯ অক্টোবর অর্থাৎ আগামী রবিবার লিগ ওয়ানে রিমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আন্তর্জাতিক বিরতির আগে এটিই হবে শেষ ম্যাচ।
মেসির অভিষেক প্রসঙ্গে কোচ পচেত্তিনো সরাসরি কিছু বলতে চাননি। তবে যা বলেছেন, তাতে ইঙ্গিত রয়েছে রিমসের বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টারের অভিষেকের।
পচেত্তিনো বলেন, ‘সপ্তাহটি লিওর জন্য খুব ভালো ছিল, তাই আমরা আশাবাদী আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা আশা করি সে স্কোয়াডে থাকতে পারে এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে শুরু করতে পারে।’