একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

২০০৪ সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও পাঁচ শতাধিক আহতের প্রতিবাদে গতকাল শনিবার বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, রক্তদান ইত্যাদি। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। আলোচনা সভায় বক্তারা গ্রেনেড হামলার পেছনের কুশীলবদেরও বিচার দাবি করেন। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গাজীপুর: প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান। প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক প্রমুখ। সভায় প্রধান অতিথি আজমতউল্লাহ খান একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত কুশীলবদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গোপালগঞ্জ : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচি গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তারা বলেন, হাওয়া ভবনে বসে তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ গ্রেনেড হামলার পরিকল্পনা করেন। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তারা।

জয়পুরহাট : বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ শামসুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ।

লক্ষ্মীপুর : সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে একুশে আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ এতে বক্তব্য দেন।

নাটোর : গ্রেনেড হামলায় জড়িত ও কুশীলবদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পৃথক দুটি স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।

পঞ্চগড় : জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম।

সিরাজগঞ্জ : কাজিপুর উপজেলা আওয়ামী লীগ বেলা ১১টার দিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়াসহ সব আসামির ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা মোড় ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : সকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

দিনাজপুর ও হাবিপ্রবি : স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভয়াল একুশে আগস্ট পালিত হয়েছে। সকালে বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।