ডুমুরিয়া থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার খানের বাড়ি সংলগ্ন একটি পুকুর রয়েছে। পুকুরটি দীর্ঘদিন থেকে কচুরিপানায় ভর্তি। ওই কচুরিপানা পরিষ্কারের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন সাত্তার।

রবিবার সকালে ওই শ্রমিক পুকুর পরিষ্কার করার সময় মাঝ পুকুরে উঁচু একটি জিনিস দেখতে পান। সন্দেহ হলে তিনি একটি বাঁশ দিয়ে ওই জিনিসটাকে পুকুরের পাশে টেনে আনেন। তারপর কচুরিপানা সরিয়ে দেখতে পান একটি লাশ। এলাকাবাসী পুলিশকে খবর দিলে উপজেলার রঘুনাথপুর তদন্তকেন্দ্রের পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

রঘুনাথপুর তদন্তকেন্দ্রের দায়িত্বরত পুলিশের সহকারী পরিদর্শক জি এম এমদাদুল হক বলেন, লাশ টিকে উপুড় হয়ে এলাকাবাসী ভাসতে দেখে। তার গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে আনুমানিক ৭২ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে মনে হচ্ছে। তার বয়স ৪৫ বছরের বেশি হবে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।