ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলের ১০ সদস্যের পর্ষদ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফান্ড ব্যবস্থাপনার জন্য চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে। পর্ষদের অন্য সদস্যরা হলেন এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা দীপ্তি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভূঁইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজলে বাবুল, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্য এ কে এম দেলোয়ার হোসেন। পর্ষদ সদস্যদের মেয়াদ হবে তিন বছর।