ঝালকাঠিতে মানববন্ধন

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজাখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। এতে অংশ নেয় সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকার কয়েকশ মানুষ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নদীভাঙনে নলছিটির বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের বাড়িঘর, ভিটামাটিসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হচ্ছে।

মানববন্ধন শেষে নদীভাঙন রোধে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সাংসদ আমির হোসেন আমু ও পানিসম্পদ প্রতিমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন তাইফুর রহমান তূর্য, এফএইচ রিভান, মাহবুবুর রহমান, শাহ জালাল, আনিসুর রহমান, দ্বীন ইসলাম প্রমুখ। বক্তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।