বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ বরাদ্দের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজশাহী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন ঠিকাদাররা।
গতকাল রবিবার সকালে রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে পাউবো মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঝুঁকি নিয়ে কাজ করলেও প্রকল্পিত কাজের বিপরীতে সময় মতো টাকা দেওয়া হয় না। এতে ঠিকাদারদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় তাদের রক্ষায় প্রকল্প ও আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং ঠিকাদারদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।
এডিপি প্রকল্পে রাজশাহীর চারঘাট, বাঘা, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা, নওগাঁ, পাবনার বেড়া, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাটসহ সারা দেশে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অথচ প্রকল্প বাস্তবায়ন সংস্থাকারীদের জন্য অর্থ বরাদ্দ একেবারেই অপ্রতুল। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানান ঠিকাদাররা।
পাউবো ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুল আলম লোটনের সভাপতিত্বে সমাবেশে সমিতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, প্রকৌশলী খাজা তারেক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ট্রাস্টি তপন কুমার সেন, মুক্তিযোদ্ধা বজলার রহমান, ঠিকাদার আতিকুর রহমান, মাসুদ রানা শাহীন, কে এম জোবায়েদ হোসেন জিতু, সাইফুল ইসলাম টুকু প্রমুখ বক্তব্য রাখেন।