যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ‘হেনরি’ আঘাত হানার সম্ভাবনা থেকে সেখানকার বাসিন্দাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর্র্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড ও নিউ ইংল্যান্ডের দক্ষিণাংশে আঘাত হানবে। ইতিমধ্যে নিউইয়র্কসহ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ হবে ১৫ সেন্টিমিটার।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সিএনএনকে জানিয়েছে, আমাদের ঘূর্ণিঝড়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ঘূর্ণিঝড়ের ফলে রাস্তাঘাট, বিদ্যুৎ ও গাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ফলে নিউইয়র্কের একটি চলমান কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। লং আইল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটসের উপকূলের কাছে বসবাসকারী ৬০ লাখ মানুষকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও নিউ ইংল্যান্ডের ৩ কোটি ৬০ লাখ মানুষকেও সতর্ক করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের মানুষকেও ঘূর্ণিঝড়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ম্যাসাচুসেটসের গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, আজ সোমবার পর্যন্ত রাজ্যটির সব পার্ক ও সমুদ্রসৈকত বন্ধ থাকবে। কর্মকর্তারা জানিয়েছে, এতে রাজ্যটির তিন লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই উপকূলে সচরাচর ঘূর্ণিঝড় দেখা যায় না। নিউ ইংল্যান্ডে সর্বশেষ ঘূর্ণিঝড় হয়েছে ১৯৯১ সালে। তখন ১৭ জনের মৃত্যু হয়েছিল।