যুক্তরাষ্ট্রের বিমানে কাবুল থেকে কাতারে দুই বাংলাদেশি

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দুই বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পরিবহন বিমানে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে। ফারুক হোসেন ও মহিউদ্দিন নামে ওই দুই বাংলাদেশি কাবুলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন। এ ছাড়া বেসরকারি সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে

কাজাখস্তানে। এর বাইরে আফগানিস্তানে এখনো ২৪ বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম গতকাল জানান, গতকাল রবিবার দুই বাংলাদেশিকে কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কর্মরত দুই বাংলাদেশির বিষয়ে আগে কোনো তথ্য ছিল না। দোহায় নেওয়ার পর আফগানিস্তানের সূত্র থেকে তাদের সম্পর্কে জেনেছি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ২৭ বাংলাদেশির আফগানিস্তানে আটকে পড়ার তথ্য ছিল। সেখানে বরিশালের ফারুক ও কুমিল্লার মহিউদ্দিনের বিষয়ে কোনো তথ্য ছিল না।

জাহাঙ্গীর আলম আরও জানান, গতকাল কাবুল থেকে জাতিসংঘের একটি ফ্লাইটে ব্র্যাক ইন্টারন্যাশনালের তিন কর্মকর্তাকে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের আগামী মঙ্গলবার ঢাকায় রওনা দেওয়ার কথা রয়েছে। এছাড়া ব্র্যাকের অন্য তিন কর্মীর কয়েক দিনের মধ্যেই কাবুল ছাড়ার প্রস্তুতি চলছে।