রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।
এছাড়া, করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১২ জন।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৯৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২৬ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩৮ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৫ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। সোমবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৮ জন।
এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১১৬ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৮৮ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।
এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার রাজশাহীতে ৪৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ ভাগ।