আওয়ামী লীগ নেতার বাড়িতে লুকানো ছিল ৯৫টি ধারালো বর্শা

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্টিলের তৈরি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাড়ি থেকে ধারাল বর্শা জাতীয় এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক হেলাল তালুকদার পালিয়ে যাওয়ায় অস্ত্র মজুতের কারণ সুনির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুতের গোপন সংবাদে সোমবার (২৩ আগস্ট) দুপুরে ডেমরা বাজারে টহলরত এসআই রফিকের নেতৃত্বে পুলিশ রতনপুর গ্রামের হেলাল তালুকদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করে হেলাল তালুকদার তাৎক্ষণিক নৌকাযোগে পালিয়ে যায়। বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি ধারালো বর্শা জাতীয় স্টিলের ফলা উদ্ধার করা হয়। অস্ত্রগুলো লোহা দিয়ে বানানো এবং প্রতিটিই লম্বায় ৫ ফুট ও ফলার দুই পাশে বিশেষ কলার লাগানো রয়েছে।

পুলিশ সুপার জানান, এ ধরনের অস্ত্র সাধারণত ডাকাতি কিংবা দাঙ্গা-হাঙ্গামায় ব্যবহার হয়। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই এগুলো হেলাল তালুকদার মজুত করেছিলেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত জানতে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তার বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।