কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় সিদ্ধান্ত

তিন ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ

ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) সংক্রান্ত তথ্য গোপন করায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংককে জরিমানা মওকুফ করবে না কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ৪১৭তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে ব্যাংক তিনটি জরিমানা মওকুফের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আলাদা আলাদা ভাবে আবেদন করে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, তিনটি ব্যাংকের জরিমানা মওকুফের আবেদনের বিষয় পর্ষদে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় বিষয়টি আমলে নেয়নি পর্ষদ। জানা গেছে, তাহেরা অ্যাপারেলস লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এবং রুপা শিপিং লাইনস-এর ঋণখেলাপির তথ্য গোপন করায় অগ্রণী ব্যাংককে জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, সিআইবিতে ঋণ তথ্য গোপন করার অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ওপর আরোপিত জরিমানাও মওকুফ করা হয়নি। এমটিবির গ্রাহক মামুন এন্টারপ্রাইজের ঋণ তথ্য গোপনের জন্য জরিমানা করা হয়। ব্যাংকিং আইন লংঘনের দায়ে জরিমানা করা হয় ওয়ান ব্যাংককেও।

পর্যটন খাতের পুনঃঅর্থায়ন তহবিলে যোগ হবে আরও ৫০০ কোটি টাকা : এছাড়া বোর্ড সভায় পর্যটন খাতের কর্মচারীদের বেতন পরিশোধে আরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮ শতাংশ সুদে এক হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়। সব মিলেয়ে এ খাতে ঋণ দেওয়ার জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন সম্পন্ন হলো। তবে মোট সুদের ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে। এদিকে গতকালের পর্ষদ সভায় প্রস্তাবিত ‘পিপলস ব্যাংক লিমিটেড’-এর অনুকূলে ইস্যুকৃত লেটার অব ইনটেন্ট-এর শর্তাবলি পূরণের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র সিরাজুল ইসলাম। ২০২০-২০২১ অর্থবছরের তফসিলি ব্যাংক কর্র্তৃক কৃষি ও পল্লীঋণ বিতরণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষি খাতের জন্য ২য় পর্যায়ে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।