জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আবার আলোচনায়। একসঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
নতুন দুই...
করোনাকালে আমাদের সব কাজ স্থবির হয়ে গেছে। সিনেমা হল বন্ধ, চলচ্চিত্র অঙ্গনে নানা কারণে থমথমে ভাব। তাই নতুন সিনেমা সেভাবে হচ্ছে না। এমন পরিস্থিতিতে একসঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াটা সত্যিই আনন্দের। গত রবিবার ছবি দুটির পরিচালক এইচ আর হাবিব ও প্রযোজকের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছি। ছবি দুটো হলো ‘জলকিরণ’ ও ‘রক্ত ময়ূর’। দুটি সিনেমা একেবারেই দুই ধরনের।
আগ্রহের কারণ...
সব সময়ই বাছবিচার করে সিনেমায় অভিনয় করতে চেয়েছি। এ জন্য সময় নিতেও আপত্তি নেই। একসঙ্গেই সিনেমা দুটির প্রস্তাব পাই। চিত্রনাট্য পড়ে ভালো লাগে। মনে হয় এমন গল্পের জন্যই তো অপেক্ষা করছিলাম। সিনেমার গল্প, চরিত্র, নির্মাতা সবই আমার পছন্দ। ডিসেম্বর থেকে প্রস্তুতি শুরু করব। আগামী বছরের শুরুর দিকে দুটি সিনেমার শ্যুটিংই পরপর করার পরিকল্পনা আমাদের।
জলকিরণ...
‘জলকিরণ’ সায়েন্স ফিকশন সিনেমা। আমাদের দেশে এ ধরনের সিনেমা খুব একটা হয় না। তবে দর্শক কিন্তু দারুণ পছন্দ করে। হলিউডের সিনেমা দেখে তারা অভ্যস্ত। তাই দর্শককে দেশীয় সায়েন্স ফিকশনের স্বাদ দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সফলতা-ব্যর্থতা পরের বিষয়। নতুন কিছু করার মধ্যে তো দোষের কিছু নেই। আমরা বড় একটি পদক্ষেপ নিয়েছি। সফল হলে এই ধারাটা দাঁড়িয়ে যাবে। এ ছবিতে নায়ক হিসেবে আবারও পেয়েছি নিরবকে। তার সঙ্গে চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় প্রথম সিনেমা ‘ফিরে দেখা’য় কাজ করে খুব ভালো লেগেছে। ছবিটি যদিও এখনো মুক্তি পায়নি। কিন্তু কাজ করতে গিয়েই অনুভব করেছি দর্শক আমাদের রসায়ন পছন্দ করবেন। সবচেয়ে বড় কথা হলো, দুটি ভিন্ন ধারার ছবিতে আমাদের ভিন্নভাবে দেখবেন দর্শক। ফলে একঘেয়ে হওয়ার সুযোগ নেই। এতে আরও অভিনয় করবেন আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপুসহ অনেকে।
রক্ত ময়ূর...
‘রক্ত ময়ূর’ অ্যাকশন ঘরানার সিনেমা। এর গল্পে দেখা যাবে, সমাজে লুকিয়ে থাকা দেশবিরোধী চক্ররা এখনো সক্রিয়। দুটি গল্প সমান্তরালভাবে দেখানো হবে। একটি একজন বিশ^বিদ্যালয় ছাত্রের গল্প, অন্যটি খাদ্যের বিকল্প আবিষ্কার করে একদল বিজ্ঞানী। প্রথাগত সামাজিক ব্যবস্থাকে যা সম্পূর্ণ বদলে দেয়। এ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।