যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি তালেবানের

যুক্তরাষ্ট্র এখনো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শেষ করেনি। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার ও চল্লিশ হাজার আফগানকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যুক্তরাজ্যও বলছে, এত কম সময়ের মধ্যে আফগানদের সরিয়ে নেওয়া অসম্ভব হবে। আর এজন্য তারা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে সৈন্য মোতায়েনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

কিন্তু এমন আহ্বানের মধ্যে যুক্তরাষ্ট্রকে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, এর অন্যথা হলে তার জবাব দেবে তালেবান। গতকাল সোমবার সম্প্রচারিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাইডেন প্রশাসন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ডেডলাইনের পরও যদি যুক্তরাষ্ট্রের সেনারা থেকে যায় তাহলে সেটি হবে রেড লাইন অতিক্রম করা। তারা যদি আফগানিস্তানে অবস্থানের মেয়াদ বাড়ায়, তার মানে দাঁড়াবে দখলদারিত্বের সম্প্রসারণ। এটা আমাদের মধ্যে অনাস্থা তৈরি করবে। যদি তারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়, তাহলে সেটি একটি প্রতিক্রিয়া উসকে দেবে।’

কাবুল বিমানবন্দরে গতকাল ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সকালে অজ্ঞাত এক বন্দুকধারী সেখানে হামলা চালায়। এ সময় দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য নিহত হন বলে জানা গেছে। টুইটারে দেওয়া এক পোস্টে জার্মান বাহিনী জানিয়েছে, এয়ারপোর্টের উত্তর পাশে ফটকে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আফগান গার্ড নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

আফগানিস্তান ছাড়তে মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ১৮টি বিমান এসব মানুষকে নিরাপদ তৃতীয় কোনো দেশে পৌঁছে দেওয়া হবে। গত রবিবার ‘সিভিল রিজার্ভ এয়ার ফ্লিট’ নামের বিশেষ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। এর আওতায় আপৎকালের জন্য বেসরকারি বাণিজ্যিক এয়ারলাইনস কোম্পানির বিমান ব্যবহার করতে পারে কর্র্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র সর্বশেষ এই ব্যবস্থা আরোপ করেছিল ১৯৯০-৯১ এবং ২০০৩ সালে ইরাক ও কুয়েত থেকে মানুষজনকে উদ্ধারে।

এদিকে প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তিনটি জেলা দখলের দাবি করেছে তালেবান। সোমবার গোষ্ঠীটির এক মুখপাত্র একথা বলেছেন। গত সপ্তাহে স্থানীয় মিলিশিয়া জেলা তিনটির নিয়ন্ত্রণ নেয়। ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর পানশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত আফগান প্রতিরোধ বাহিনী বাঘলান প্রদেশের তিনটি জেলার নিয়ন্ত্রণ নেয়। জেলাগুলো হলো- বানো, দেহ সালেহ ও পুল-ই-হেসার। সোমবার তালেবান যোদ্ধারা জেলা তিনটি থেকে প্রতিরোধ বাহিনীকে হটিয়ে দিয়ে বাদাক্ষান, তাখার ও আন্দারাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।