বরিশাল বিভাগে গত দুই মাসের মধ্যে এক দিনে করোনার সংক্রমণ ও মৃত্যুহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৫। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানায়, এর আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১৮৭ জনের। শনাক্ত হার ছিল ১৮ দশমিক ১৭। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ১৫ দিন ধরে বিভাগে সংক্রমণ হার কম হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী রোগী শনাক্তের হার দুই সপ্তাহ ৫ শতাংশের মধ্যে থাকলে, তখনই শুধু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ বলা যায়। তাই ভাইরাসটির সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এর কোনো বিকল্প নেই। এদিকে ঢাকার বাইরের কয়েকটি বিভাগীয় শহরের করোনা পরিস্থিতির খবরাখবর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে
৩ মাস পর মৃত্যুশূন্য খুলনা জেলা : খুলনা জেলায় তিন মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ আগস্ট ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় সর্বনিম্ন ১ এবং গত ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ জন। তবে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭৯ জনের।
মমেক হাসপাতালে ১১ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চার ও উপসর্গ নিয়ে মারা যায় সাতজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ ও গাজীপুরের ১ জন রয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৭ এবং আইসিউতে ১৮ জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ জন। এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। মোট আক্রান্ত ২০ হাজার ২৪১ জন।
রামেক হাসপাতালে এক দিনে ১০ মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল থেকে গতকাল সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ ও উপসর্গে চারজন মারা গেছে। এছাড়া করোনা-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা যায়। এ সময়ে রাজশাহীতে ৪৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ জন।
সিলেট বিভাগে ১২ জনের মৃত্যু : সিলেট বিভাগে গত রবিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়ার সংখ্যা ৯৯৬ জনে দাঁড়াল। এ সময়ে বিভাগে ১ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৯। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ৫১ হাজার ৪২১ জনের। ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেট জেলার ১০ ও সুনামগঞ্জ জেলার ২ জন। গতকাল দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।