মোংলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে এক ব্যক্তিকে আটক করে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পৌর শহরের খোচেরডাঙ্গা এলাকার কবি জসিমউদ্দিন সড়কের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) ১১ বছরের এক শিশুকে সোমবার বিকেল ৩টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শিশুটিকে ধর্ষণ করলে সে রক্তাক্ত জখম হন। পরে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে নজরুলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পাওয়ার পর নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার নজরুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।