মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির প্রাঙ্গণে (একটি করে) ৩ হাজার ৫০০ ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান অনলাইন জুম অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, অনলাইনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে শিক্ষার্থীরা অনেক খুশি। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের এ এক ব্যতিক্রম বৃক্ষরোপণ কর্মসূচি। মুজিব বর্ষে বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।
প্রতিটি বাড়ির আঙিনায় কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী নূরুল হক ব্যাপারী, কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, করোনা মহামারীতে স্কুল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে অনলাইনে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করছে। একই রকম কাজ নিয়ে তারা বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। সবুজের পৃথিবী গড়ার প্রত্যয়ে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ আমরা ৩ হাজার ৫০০ শিক্ষার্থীদের একটু ভিন্ন ধরনের আয়োজনে যুক্ত করেছি। তাই অনলাইনে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে।
তিনি বলেন, শুধু তাই নয় সাবেক সফলতম আইজিপি একেএম শহীদুল হক মহোদয়ের প্রতিষ্ঠিত জেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি করোনাকালে নিয়মিত অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণ করার পাশাপাশি অনলাইনে বিতর্কসহ বিভিন্ন প্রতিযাগিতা আয়োজন ও জাতীয় দিবস উদযাপন করে আসছে। প্রতিষ্ঠানের সিংহভাগ শিক্ষার্থী এ আয়োজনে সম্পৃক্ত হতে পারছে যা প্রত্যন্ত এ অঞ্চলের জন্য খুবই খুশির খবর।