২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া সুলতানা লিজা। এরপর একাধিক গান দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক কাজ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
এই সময়...
লকডাউনের কারণে দীর্ঘদিন কাজ করতে পারিনি। এখন টুকটাক কাজ করছি। আর গত ঈদে প্রচুর চ্যানেলে প্রোগ্রাম করেছি। চ্যানেলগুলোর গানের প্রোগ্রাম শ্যুটিংও করেছি।
‘পাখি’...
গত রোজার ঈদে পাখি শিরোনামে একটা গান করেছিলাম। এখন পর্যন্ত এটার ভালো রেসপন্স পাচ্ছি। ইতিমধ্যেই ১ কোটি ৪০ লাখের মতো ভিউ হয়েছে। এ গানটা বেলাল ভাইয়ের সঙ্গে করেছি। আট-দশটা গানের মতোই এটা রেকর্ডিং করেছিলাম। কিন্তু গানটা যে এত হিট হবে সেটা ভাবিনি। গানটা যখন প্রথম আমার কাছে পাঠানো হলো তখন ভেবেছিলাম, গানটা করব কী করব না। পরে ভাবলাম লকডাউনে তো বসেই আছি, গানটা করি। সেভাবেই গানটা করে ফেলা। ভয়েস দেওয়ার পর গানটা যখন পাঠাল আমাকে, তখন দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে। করোনার কারণে ভিডিওর শ্যুটিং করতে পারছিলাম না। মাঝে লকডাউন উঠে গেল তখন এক দিন গানটার ভিডিও শ্যুট করি। এটার রিলিজ দেওয়ার সময়েও ঝামেলা হয়েছিল। নানা ঝামেলার ভেতর দিয়েই এ গানটা দর্শক শ্রোতাদের কাছে গিয়েছে। তবে সাত-আট দিনের মধ্যেই দেখা গেল গানের ভিউ বাড়ছে। রাতারাতি দেখলাম জনপ্রিয় হয়ে গেল গানটা।
স্টেজ শো...
করোনার কারণে স্টেজ শো নেই বললেই চলে। করোনার শুরু থেকেই স্টেজ শো বন্ধ। মাঝে কিছুদিন চলেছিল। এরপর আবার বন্ধ। এটা আমাদের ইন্ডাস্ট্রির ওপর বিরাট নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে। বিশেষ করে যারা একেবারেই নতুন তারা সার্ভাইব করতে পারছে না। আবার যন্ত্রশিল্পী যারা আছেন তারাও বিপদে আছেন। এখন সবার ভ্যাকসিন দেওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় দেখছি না।
ইউটিউব চ্যানেল...
এখন তো সবাই ইউটিউবের দিকে ঝুঁকে পড়েছে। তবে আমি কিন্তু বহু আগেই খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম লিজা। চালু করেছি ২০১৫ সালে। তখন থেকেই নিয়মিত চ্যানেলে কনটেন্ট আপ করে আসছি। সাবস্ক্রাইবারও বেশ ভালো। মনিটাইজও করা আছে। ইউটিউব থেকে আয় ভালোই হচ্ছে।
ব্যক্তিগত জীবন...
বাবা-মা, ছোট ভাই সবাইকে নিয়েই ভালো আছি। আর জীবনে কোনো সঙ্গী আসবে কি না সেটা সময় হলেই জানাব। আপাতত একাকী ভালো আছি। সামনের সময়টাও ভালো থাকতে চাই। সুস্থ থাকতে চাই।