২ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে দেশে শনাক্ত ও মৃত্যু কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি গত ৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। অর্থাৎ দুই মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সর্বশেষ গত ২৯ জুন এর চেয়ে কম ১১২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন; যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ১ আগস্ট থেকে করোনার সংক্রমণের হার কমতে শুরু করে। এর আগের দিন ৩১ জুলাই পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। পরদিন তা কিছুটা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৯৭ শতাংশ। এরপর থেকেই দৈনিক শনাক্ত হার কমতে থাকে। সর্বশেষ ২৫ দিন পর গত ২৪ ঘণ্টায় এই হার আরও কমে ১৫ দশমিক ১২ শতাংশে নেমে আসে; যা আগের দিনের চেয়ে সামান্য কম। অর্থাৎ গত ২৫ দিনে সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ কমেছে।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। গতকাল নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষা হলো ৮৭ লাখ ২১ হাজার ১৪টি। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। মৃত ১১৪ জনের মধ্যে পুরুষ ৫৬ ও ৫৮ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪২, চট্টগ্রাম বিভাগে ২৯, রাজশাহী বিভাগে ৬, খুলনা বিভাগে ১৩, বরিশাল বিভাগে ৫, সিলেট বিভাগে ৯, রংপুর বিভাগে ৬ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৭, বেসরকারি হাসপাতালে ২৪ এবং বাড়িতে ৩ জন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৬, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।