বাংলাদেশকে অন্য উচ্চতায় নিতে চান দুই প্রবাসী ফুটবলার

জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পর বাংলাদেশ দলে অভিষেকের অপেক্ষায় আরো দুই প্রবাসী ফুটবলার। কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম ডাক পেয়েছেন কোচ জেমি ডের দলে। ভিডিও বার্তায় দুজন জানিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা।

সেপ্টেম্বরে কিরগিজস্তানে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এই আসরের জন্য মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন জেমি ডে। সেই দলে চমক হিসেবেই এসেছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড রাহবার ও ১৮ বছর বয়সী মিডফিল্ডার তাহমিদ। কোনো রকম ট্রায়াল না দিয়ে সরাসরি জাতীয় দলে ঢুকে পড়েছেন দুজন।

রাহবার খেলেন কানাডার নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে। তাহমিদ খেলেন ফ্রান্সের ইউএসএসএ ভেরতু ক্লাবের হয়ে। দুজনের খেলার ভিডিও দেখে পছন্দ হয়েছে বাংলাদেশ কোচের। এখন স্কোয়াডে যোগ দিয়ে জেমির আস্থা অর্জন করতে পারবেন কিনা সেটিই দেখার। বাফুফে প্রেরিত ভিডিও বার্তায় অবশ্য দুজনই বড় স্বপ্নের কথা বলেছেন।

রাহবার বলেন এখন প্রথম একাদশে সুযোগ করে নেওয়াই তার লক্ষ্য, ‘এটা আমার প্রথম জাতীয় দলে ডাক পাওয়া। তিন জাতি টুর্নামেন্টের দলে যোগ দেওয়ার জন্য আমি খুবই আপ্লুত এবং শিহরিত। সব সময় আমার মনোযোগ থাকবে সেরা একাদশে সুযোগ পাওয়ার। গোল করে হোক, জয় এনে দিয়ে হোক, যেভাবেই হোক দলকে সাহায্য করাই আমার লক্ষ্য’।

তাহমিদ বলেছেন বাংলাদেশের ফুটবলকে অন্য উচ্চতায় নেওয়ার লক্ষ্যের কথা, ‘বাংলাদেশ দলের জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি। এ জন্য আনন্দ অনুভব করছি। দেশবাসীর নিকট দোয়া চাই, যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। বাংলাদেশের ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি’।

কিরগিজস্তান সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের সঙ্গে লড়াই। ত্রিদেশীয় সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমি ডের শিষ্যরা।

বাংলাদেশের জন্য এই তিনটি ম্যাচই মূলত অক্টোবরে নেপালে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ।