চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড

অবশেষে গঠন করা হলো চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড। এটি শিল্পীদের কল্যাণ সাধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ, অসমর্থ-অসচ্ছল বা পেশাগত কাজ করতে অক্ষম শিল্পীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান, দুস্থ-অসচ্ছল চলচ্চিত্র শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার মতো কাজগুলো করবে। ১৪ সদস্যের এই বোর্ডে স্বতন্ত্র (সংগঠন ও মন্ত্রণালয়ের বাইরে) হিসেবে স্থান পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর সংগঠন থেকে স্থান পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম। চেয়ারম্যান হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান হয়েছেন ভাইস চেয়ারম্যান। অন্য সদস্যরা হলেনÑ স্পিকার কর্তৃক মনোনীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন সদস্য, এই মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত কমপক্ষে মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), অর্থ বিভাগ কর্তৃক মনোনীত কমপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কমপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার একজন ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।