প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

সম্পাদক-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্টওয়েস্ট মিডিয়ার চার সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে করা ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বেড়ে চলেছে। করোনা মহামারী দুর্যোগেও সাংবাদিকরা হয়রানি ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। নতুন নতুন আইন ও নির্দেশনার পাশাপাশি সরকারের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীও সাংবাদিক নির্যাতনে অংশ নিচ্ছে। আমাদের এর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।’

আগামী তিন দিনের মধ্যে সাংবাদিক নঈম নিজামসহ চট্টগ্রামে করা ৫০০ কোটি টাকার মানহানির মামলাটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু মামলা প্রত্যাহার নয়, ওই গোষ্ঠীকে এর জন্য পুরো জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক সাইদুর রহমান রিমন ও মোহাম্মদ সেলিম এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, কালের কণ্ঠের প্রতিবেদক এসএম রানাসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মানহানির ওই মামলাটি করা হয়।