সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার অনুমোদন সৌদির

চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা অনুমোদন পেল সৌদি আরবে। গত মঙ্গলবার দেশটির কর্র্তৃপক্ষ এই দুই টিকার অনুমোদন দেয়। এর ফলে চীনের তৈরি এ দুটি টিকা গ্রহণকারীদের সৌদি আরবে যেতে আর বাধা রইল না। তবে তাদের দেশটিতে অনুমোদিত টিকার একটি বুস্টার ডোজ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, নতুন এ দুটিসহ সৌদি আরবে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। এর আগে দেশটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকার অনুমোদন দেয়। গত মাসের শেষের দিকে সৌদির কর্র্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

চলতি মাসের শুরুর দিকে দেশটি জানায়, ৯ আগস্ট থেকে সৌদি আরবে অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ করা হবে।