অ্যালেনের বদলি হিসেবে হেনরিকে বাংলাদেশে আনছে নিউজিল্যান্ড

ফিন অ্যালেনের বদলি হিসেবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য পেসার ম্যাট হেনরিকে বাংলাদেশে আনছে নিউজিল্যান্ড। টাইগারদের বিপক্ষে কিউইদের এই সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ঢাকায় পৌঁছার পর করোনা আক্রান্ত হন অ্যালেন।

২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের বদলি হিসেবে হেনরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ব্ল্যাক ক্যাপরা। অ্যালেন অবশ্য দেশে ফিরছেন না। নিউজিল্যান্ড স্কোয়াডের সঙ্গে বাংলাদেশে থাকছেন তিনি। প্রতিনিয়ত দলের ডাক্তার প্যাট ম্যাকহাফের পর্যবেক্ষণে থাকবেন অ্যালেন।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন হেনরি। বাংলাদেশ সফরে থাকা নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে ৩০ আগস্ট দেশ ছাড়বেন তিনি।

হেনরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কিউইদের কোচ গ্যারি স্টিড বলেন, ‘ম্যাচ পরিষ্কারভাবে ফিনের বদলি নয়। তবে সে আমাদের নির্বাচনে বিকল্প হিসেবে আছে। বর্তমান পরিস্থিতিতে, দলে যোগ দেওয়ার জন্য সে প্রস্তুত আছে।’