‘তালেবান পরিচয়ে’ চিঠি দিয়ে জয়পুরহাটের বিচারককে হুমকি

জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীরযোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে বিচারকের পক্ষ থেকে জানানো হলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীরযোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বিকেলে পুলিশের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। পরে পুলিশ একটি জিডি করে।

পুলিশ জানায়, চিঠিতে নাম উল্লেখ করা আছে, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ, ভাদশা এলাকার মো. আশরাফ আলি। কিন্তু চিঠিটি অন্য জেলা থেকে পোস্ট করা হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, একটি জিডি করা হয়েছে। বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।