জানাজায় অংশ নিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট দুই ভাই

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু সামা প্রামাণিকের ছেলে হাফেজ মো. আল আমিন হোসেন (৩২) এবং রফিকুল ইসলাম প্রামাণিকের ছেলে ও চরনাকালিয়া গ্রামের মসজিদের ইমাম হাফেজ মো. গোলাম মোস্তফা (৩৬)। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই। রবিউল নামের আরেক চাচাতো ভাইয়ের জানাজায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রাজধানীর ফার্মগেটে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ক্রিকেটার নিহত হয়েছেন। তার নাম শহীদুল ইসলাম নিরব (৩২)। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নিরব কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জে চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে গিয়ে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হন।

রাজধানীর গুলশানে গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে চার অভিনয় শিল্পীসহ মোট ৫ জন আহত হয়েছেন। অন্যদিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নেত্রকোনা বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব মারা যান। রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যান জামাল উদ্দিন নামে এক যুবক।

সিরাজগঞ্জে বাসের চাকায় পিষ্ট দুই ভাই :  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সকালে চাচাতো ভাই রবিউল ইসলামের (১২) জানাজায় অংশ নিতে বাঘাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে চরনাকালিয়া যাওয়ার সময় বিন্নাদাইর এলাকায় পৌঁছালে বেড়া থেকে ছেড়ে আসা শাহজাদপুরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। আহত মোস্তফাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছুটে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে পাবনার সাঁথিয়া উপজেলার মাথপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাবনার সাঁথিয়া উপজেলার মাথপুর হাইওয়ে থানার এসআই মঈন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি। তবে বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ গেল ক্রিকেটারের : রাজধানীর ফার্মগেটে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ক্রিকেটার নিহত হয়েছেন। তার নাম শহীদুল ইসলাম নিরব (৩২)। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নিরব কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট পদচারী সেতুর কাছে ক্রিকেটার নিরবের মোটরসাইকেলের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিরব ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনায় ক্রিকেটার নিরবের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। তার মোটরসাইকেলে ধাক্কা দেওয়া এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহন লিমিটেডের বাসটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। গতকাল রাতেই এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।

নিহত নিরবের ছোট ভাই সাগর জানান, রাতে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে অনুশীলন শেষে তার ভাই মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারের বাড়িতে ফিরছিলেন। দুই ভাই তিন বোনের মধ্যে নিরব তৃতীয় ছিলেন।

যাত্রাবাড়ীতে গাড়িচাপায় নারী নিহত : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় শেফালী বেগম (৩৫) নিহত হন। গতকাল রাত সোয়া ৮টার দিকে মাতুয়াইল টোটাল সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার এসআই মনিষ ঘোষ জানান, নিহত শেফালী টোটাল সিএনজি পাম্পে রান্নার কাজ করতেন। রাতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শেফালীর ছেলে মো. সজিব জানান, তাদের বাসা মাতুয়াইলের মুসলিমনগরে। তারা তিন ভাই মায়ের সঙ্গে থাকেন। তাদের বাবা লুৎফর রহমান আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জের ভরলা গ্রামে।

গুলশানে প্রাইভেটকার দুর্ঘটনায় অভিনয় শিল্পীসহ আহত ৫ : রাজধানীর গুলশানে গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে চার অভিনয় শিল্পীসহ মোট ৫ জন আহত হয়েছেন। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তারা হলেন নাফিজ মো. ইসমাঈল ও জুনায়েদ বোগদাদী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে প্রাইভেটকারটি ফুটপাতে উঠে যায়। তবে দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখতে ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

নেত্রকোনা বারহাট্টা থানার এসআই নিহত : নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নেত্রকোনা বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মারা যান পুলিশের এ কর্মকর্তা। নিহত এসআই হাবিব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন। গত প্রায় এক বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্ত্রীও মারা গিয়েছেন। তিনি নেত্রকোনার বারহাট্টা থানায় কর্মরত ছিলেন।

বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, অফিসিয়াল কাজ শেষে হাবিবুর রহমান নেত্রকোনা থেকে বারহাট্টা থানায় আসছিলেন। নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সতশ্রী নামক স্থানে এলে রাত আনুমানিক ৮টার দিকে মালবাহী তিন চাকা ভ্যান রিকশার সঙ্গে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে ভ্যানচালক পলাতক রয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় হাবিবের।

রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু : চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বুইজ্যার দোকান নামক স্থানে সিএনজি অটোরিকশার ধাক্কায় জামাল উদ্দিন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় কাপ্তাইমুখী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সেয়ানবাড়ীর আব্দুল গনির ছেলে। তার ভাই কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার বদিউল আলম জানান, জামালের লাশ পারিবারিকভাবে গ্রহণ করা হয়েছে। রাতে জানাজা ও দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।