রাজশাহীতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গত আড়াই মাসের মধ্যে এটিই এ হাসপাতালের করোনা ওয়ার্ডে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ গত ১২ জুন এ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছিল। আর রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের দিনও বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মৃত্যুর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় একজন করে। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে দুজন ও করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছে, এর আগের দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছিল। ১৩ জুন থেকে জুলাই পর্যন্ত এ হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করেছে। তবে চলতি মাসে হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেশ কয়েকবার ১০-এর নিচে নেমেছে।

এদিকে রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের দিনও বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মৃত্যুর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ২০ মে বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। আর সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয় গত ৬ জুলাই। নতুন তিনজন নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭।

গতকাল শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫৯ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেড়েছে। শনাক্তের সংখ্যা ও হার কিছুটা বেড়েছে।

রংপুর প্রতিনিধি জানিয়েছেন, রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। একই সঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৪৪ জন। সুস্থ হয়েছেন ৩০৬ জন। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫২ হাজার ৭৩০। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে রংপুর জেলার চারজন ও ঠাকুরগাঁওয়ের একজন।    

বরিশাল থেকে আমাদের সংবাদদাতা জানান, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে পটুয়াখালীর একজন এবং বরিশাল ও ভোলার দুইজন। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪৫ জনের মৃত্যু হলো।

খুলনা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন সাতজন। শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে কুষ্টিয়া জেলার ছয়জন, যশোর, ঝিনাইদহ, খুলনা ও সাতক্ষীরায় একজন করে। বিভাগে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৭১। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭। শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন সিলেট জেলার ও দুজন সুনামগঞ্জ জেলার। একই সময়ে বিভাগে ১ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩০।