‘জঙ্গি সংগঠন’র নামে চিঠি

দুই জেলায় দুজন বিচারককে হত্যার হুমকি

‘জঙ্গি সংগঠন’র নামে চিঠি পাঠিয়ে দেশের দুই জেলায় কর্মরত দুজন বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে চিঠি পাঠানো হয়েছে। আর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে পাঠানো চিঠিতে সুনির্দিষ্টভাবে কোনো সংগঠনের নাম উল্লেখ না থাকলেও প্রেরক হিসেবে জুবায়ের রহমান লেখা রয়েছে। গত বৃহস্পতিবার ডাকযোগে দুই বিচারকের কাছে এসব চিঠি পাঠানো হয়।

হত্যার হুমকি পাওয়া দুই বিচারকই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। সংশ্লিষ্ট জেলা দুটির পুলিশ কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেছেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। এছাড়া বিচারক ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গেছে, টাঙ্গাইল থেকে বদলি হয়ে না গেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেখানকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে। তাকে হত্যা করতে ব্যর্থ হলে আউটসোর্সিং হিসেবে প্রসেস সার্ভার পদে কর্মরত বিচারকের এক স্বজনকে হত্যা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার পাঠানো চিঠিতে এমন হুমকি দেওয়া হয় বলে গতকাল শুক্রবার বিচারক খালেদা ইয়াসমিন জানিয়েছেন। তাকে হুমকি দিয়ে পাঠানো চিঠিতে ইতি ‘জঙ্গি সংগঠন’ লেখা। খাকি রঙের খামে প্রেরকের স্থানে লেখাÑ জুবায়ের রহমান।

চিঠির শুরুতেই প্রেরক ‘জঙ্গি সংগঠনের লোক’ বলে দাবি করা হয়েছে। হত্যা করতে চাওয়ার কারণের ব্যাখ্যায় বলা হয়েছে, খালেদা ইয়াসমিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসার পর থেকে এ পর্যন্ত বড় ধরনের মামলার রায় দিয়েছেন। এতে সংগঠনের লোকজনের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই খালেদা ইয়াসমিনকে টাঙ্গাইল থেকে বদলি হয়ে যেতে বলা হয়েছে। তা না করলে তাকে হত্যা করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, চিঠির প্রেরকদের যারা সহযোগিতা করেন, তাদের কয়েকজন আইনজীবী এবং জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের স্টাফ। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খালেদা ইয়াসমিন জানান, চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তিনি ও তার লোকজন বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন।

জয়পুরহাটে তালেবান পরিচয়ে বিচারককে হুমকি দিয়ে চিঠি : জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয় দিয়ে ডাকযোগে পাঠানো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে বিচারক রুস্তম আলী বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। এর পরপরই পুলিশের পক্ষ থেকে বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয়ে বিচারক রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট লেখা রয়েছে। চিঠির নিবেদকে লেখা রয়েছেÑ তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধারা, দোগাছী ইউনিয়ন ও ভাদসা ইউনিয়নসহ পাঁচ উপজেলার তালেবান।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারকের কাছে এ চিঠিটি আসে। তিনি সেদিন বিকেলেই বিষয়টি তাকে অবগত করেন। তিনি বলেন, কোনো কুচক্রী মহল স্বার্থসিদ্ধি ও আতঙ্ক সৃষ্টির জন্য এমন কাজ করতে পারে।

জয়পুরহাট সদর থানার ওসি একেএম আলমগীর জাহান দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারককে হুমকির ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’