জুভেন্টাসকে নিয়ে রোনালদোর হৃদয়স্পর্শী বিদায়ী চিঠি

তিন বছর তুরিনে কাটানোর পর, জুভেন্টাস ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালি ছেড়ে ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। ফিরছেন পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে।

তবে এই তিন বছরে জুভেন্টাস জায়গা করে নিয়েছে রোনালদোর মনে। বিদায়ের আগে তুরিনের বুড়ি সমর্থকদের কাছে এক হৃদয়স্পর্শী বিদায়ী চিঠি লিখলেন পর্তুগিজ উইঙ্গার।

সেই চিঠিতে জুভদের প্রশংসা ভাসিয়েছেন রোনালদো। সঙ্গে জোর দিয়ে জানিয়েছেন, যখন তিনি সাদা-কালো স্ট্রাইপসের জার্সি গায়ে মাঠে নামতেন তখন নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেন।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই বিদায় চিঠিতে রোনালদো শুরুটা করেন এমন বাক্যে, ‘আজ আমি বিস্ময়কর এক ক্লাব ছাড়ছি, যা ইতালির সবচেয়ে বড় ক্লাব তো বটে, নিশ্চিতভাবে ইউরোপের সবচেয়ে বড় ক্লাবের একটি।’

এরপর লেখেন, ‘আমি জুভেন্টাসের জন্য আমার হৃদয় ও আত্মা দিয়েছিলাম। তুরিনে নিজের শেষদিন পর্যন্ত আমি এই শহরটিকে ভালোবাসব। বিয়ানসোনেরি সমর্থকেরা সব সময় আমাকে সম্মান করেছে এবং প্রতিটি ম্যাচে, প্রতিটি মৌসুমে, প্রতিটি প্রতিযোগিতায় লড়াই করে আমিও তাদের সম্মান দেখাতে চেষ্টা করেছি।’  

‘অবশেষে, আমরা সবাই পেছনে ফিরে তাকাতে পারি এবং উপলব্ধি করে পারি যে, আমরা দুর্দান্ত কিছু অর্জন করেছি। যা আমরা চেয়েছিলাম তার হয়তো সবকিছু নয়, তবুও আমরা একত্রে সুন্দর একটা গল্প লিখেছি।’  

‘আমি সব সময় তোমাদের একজন হয়ে থাকব। তোমরা আমার ইতিহাসের অংশ এখন। তেমনি আমিও তোমাদের অংশ, এমনটাই অনুভব করি আমি। ইতালি, জুভ, তুরিন বিয়ানসোনেরি সমর্থকেরা, তোমরা আমারে হৃদয়ের অংশ হয়ে থাকবে।’