কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
শনিবার ভোরে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়।
আটক আনোয়ার ইসলাম (৩৪) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আহমদের ছেলে। তাকে দুপুরে উখিয়া থানায় সোপর্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, আনোয়ার ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা মজুত রেখে কেনাবেচা করতো। তার বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুত আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।
ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়। পরে তার বসতঘরের এক কোনায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ মিটিংয়ে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।