বরিশাল গৌরনদী-গোপালগঞ্জ আন্তজেলা সড়কে ট্রাকের চাপায় এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম হাফেজ নুরুল ইসলাম (৫৮)। তিনি সৌদিপ্রবাসী বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গৌরনদী উপজেলার গোবর্ধন বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক জামাল হোসেন ও তার সহকারী মেহেদী হাসানসহ ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নুরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নিজ বাড়ি পশ্চিম শাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গোবর্ধন বড়বাড়ি এলাকা অতিক্রমের সময় পেছন থেকে খুলনাগামী একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ ঘটনায় নুরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকসহ এর চালক জামাল হোসেন ও তার সহকারী মেহেদী হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ময়নাতদন্ত ছাড়াই নুরুল ইসলামের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।