সাভার প্রতিনিধি:
সাভারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের পানির ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের পাশে অবস্থিত ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, দুই-তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। অন্য ভাড়াটিয়ারা শনিবার বিষয়টি ফোন করে জানান। এরপর বিকেলে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পাই। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাসের জানান, টয়লেটের পানির ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তব মরদেহটি পচে কঙ্কাল ও বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।