কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গতকাল শনিবার অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্টজাল ও ৩ হাজার মিটার রিংজাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করায় ১৮ জেলেকে আটক করা হয় এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের বিভিন্ন অঙ্কের মিলে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্ত হন। জব্দ করা মাছগুলো তার উপস্থিতিতে একটি এতিমখানায় দেওয়া হয়। আর উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ থেকে জানা গেছে, শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমানের নেতৃত্বে উপজেলার ওরারখাল, লুন্দিয়া, খলাপাড়া, আগানগর, কালিপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ এসব জাল উদ্ধার ও জেলেদের আটক করা হয়।