জাপানে মডার্নার দূষিত টিকায় ২ জনের মৃত্যু

জাপানে মডার্নার টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি ভায়ালে দূষিত উপাদান পাওয়ার পর জাপানের সরকার মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা প্রয়োগ স্থগিত রাখে। এর মধ্যেই দুই ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিবিসি।

গতকাল শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া দুজনের বয়স ৩০-এর ঘরে। তবে মৃতদের নাম ও ছবি প্রকাশ করেনি জাপান কর্র্তৃপক্ষ। গত বৃহস্পতিবারের স্থগিত হওয়া একটি লট থেকে সম্প্রতি তারা মডার্নার টিকা নেন। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে সংশ্লিষ্টরা।

বেশ কয়েকটি ভায়ালে দূষিত উপাদান পাওয়ার পর জাপান মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা প্রয়োগ স্থগিত রাখে। অবশ্য পরে জাপান সরকার ও মডার্না জানায়, এতে টিকার নিরাপত্তা কিংবা কার্যকারিতার ব্যাপারে সমস্যা নেই। তবে পূর্ব সতর্কতা হিসেবে এগুলো দেওয়া বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়েছিলেন।