কর্মশালায় আইনমন্ত্রী

বিদেশে যেতে হলে খালেদাকে জেলে গিয়ে আবেদন করতে হবে

বিদেশে যেতে চাইলে সাজা স্থগিতের পর শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন করে আবার আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা সরকারের ক্ষমতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হয়। এটা প্রয়োগ করার আগেই রুল অব বিজনেস অনুযায়ী আইন মন্ত্রণালয় থেকে মতামত নিতে হয়।’

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে মতামত দিতে হয়েছে। ওনার আত্মীয়স্বজনের পক্ষ থেকে যখন আবেদন করা হলো, তখন ওনার সাজা স্থগিত করে ওনাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তার মানে ওনার আত্মীয়দের যে আবেদনটা ছিল, সেটি কিন্তু নিষ্পত্তি হলো। ওনারা বলেছিলেন বিদেশে যাওয়ার অনুমতি দেন। আমরা কিন্তু তার অনুমতি দিইনি। বলেছি মুক্ত করতে পারি, দুটি শর্তে। আমরা দুটি শর্ত দিয়ে দিয়েছি, এই শর্ত মেনে তিনি মুক্তি পেয়েছেন। এখন পরের ধাপে তারা বিদেশ যেতে অনুমতি চান। ফৌজদারি কার্যবিধি অনুসারে নিষ্পত্তি হওয়া আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই।’

ল রিপোর্টার্স ফোরাম এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে ‘ইন-ডেপথ রিপোর্টিং অন লিগ্যাল অ্যাফেয়ার্স’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে।