বাংলাদেশে তালেবান ও জঙ্গি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে তালেবান ও জঙ্গি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, এ দেশে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী রয়েছে। এ ছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই। তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরেই আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। এ ছাড়া বর্তমানের বাংলাদেশ শান্তির দেশ। যেহেতু বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই এর কোনো প্রভাব নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুলহাস প্রমুখ।