নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের নড়িয়ায় তরুণকে হত্যা করা হয়েছে বোমা মেরে ও গুলি করে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ, কুমিল্লা ও দিনাজপুরের কাহারোলে উদ্ধার করা হয়েছে তিন তরুণের লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নারায়ণগঞ্জ : ফতুল্লায় লিটন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন রামারবাগ চৌরাস্তায়।
ফতুল্লা থানার ওসি রাকিবুজ্জামান জানান, নিহত লিটন স্টেডিয়ামের কাছের সুপার স্টার বাল্ব কারখানার শ্রমিক। শনিবার রাত ১০টায় কাজ শেষে বাসায় ফেরার পথে স্টেডিয়ামের সামনের সড়কে ৫-৬ জন যুবক লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌর মনির ছেলে।
ইনড়িয়া উপজেলায় গতকাল রবিবার ভোরে আলমগীর মীরবহর (৩৬) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে বোমা মেরে ও গুলি করে হত্যা করা হয়। নিহত আলমগীর মীরবহর রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন মীরবহরের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আলমগীর মীরবহর গত শনিবার সন্ধ্যায় স্থানীয় মহিষখোলা বাজারে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর গতকাল ভোরে রাজনগর ইউনিয়নের আন্দারমানিক বাজারের পাকা সড়কে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁর জামপুর ইউনিয়নের বস্তল পল্লী বিদ্যুৎ অফিস ও তালতলা বৈরাবরটেকের মাঝামাঝি স্থান থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কুমিল্লা : পুরাতন গোমতী নদী থেকে মো. অপু হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে চাঁনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপু হোসেন নগরীর মোগলটুলী এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
দিনাজপুর : কাহারোলের ঢেপা নদীতে পড়ে নিখোঁজ সুজন দেব শর্মা বুধুর (২২) লাশ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে বিরলের কামদেবপুরে পুনর্ভবা নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখতে পান।