কালিয়াকৈর ও মির্জাপুর ৩ কারখানাকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে ডায়িং কারখানার তরল বর্জ্য পরিশোধন না করে সরাসরি বিলে ফেলে পরিবেশ দূষণ করায় গতকাল রবিবার একটি কারখানাকে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় মিষ্টির দুটি কারখানাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। 

কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব চান্দরা এলাকায় ডালাস ফ্যাশন লিমিটেড নামের একটি ডায়িং কারখানার অপরিশোধিত তরল বর্জ্য সরারসরি মকস বিলে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে জরিমানা করে তা আদায় করা হয়।

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন পাকুল্যা পালপাড়ায় মিষ্টি তৈরির দুটি কারখানায় অভিযান চালান। এ সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে কারখানার মালিক বাদল ঘোষকে ১০ হাজার ও বাবু পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।