ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে ডুবে যাওয়া যাত্রীবাহী নৌকাটি উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ চেষ্টায় নৌকাটিকে পানির নিচ থেকে টেনে তোলা হয়। নৌকাটির ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এর মধ্য দিয়ে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন কেবল জেলা প্রশাসনের তরফ থেকে উদ্ধার অভিযান সমাপ্তের আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
এদিকে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গতকাল বিকালে জামিলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর খবর জেলা প্রশাসনকে জানায় তার স্বজনরা। প্রশাসনকে না জানিয়েই তার মরদেহ দাফন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের পর এর ভেতরে তল্লাশি চালিয়ে কোনো মরদেহ পাওয়া যায়নি।
লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় গত শনিবার পর্যন্ত মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নিহত ২২ জনের মধ্যে ১১ নারী, ৯ শিশু ও দুজন পুরুষ রয়েছে। নৌকাডুবির ঘটনায় বেঁচে ফিরে আসাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার ছাদের ওপরে পুরুষদের বেশিরভাগ ছিলেন। ফলে দুর্ঘটনার পর তারা নৌকা থেকে লাফিয়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। আর নারী ও শিশুরা নৌকার ভেতরে থাকায় তারা নৌকার সঙ্গে জলের তলে চলে যান।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগরের পত্তন ইউনিয়নের লইসকা বিলে ব্রাহ্মণবাড়িয়া-সিমনা শেখ হাসিনা সড়কের পাশের খালে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল।