ঘরে থাকা মুড়ি দিয়েই তৈরি করুন মুখরোচক পাফড রাইস বার

দীর্ঘদিন ধরে মুড়ি কৌটায় পড়ে আছে। খাওয়ার সময় পাওয়া যায় না। এই মুড়ি দিয়েই বানানো যাবে মুখরোচক খাবার পাফড রাইস বার। দেখে নিন কীভাবে বানাবেন-

উপকরণ: মুড়ি ৩ কাপ, গুঁড়া করা গুড় ১/২ কাপ, ভাজা চীনা বাদাম ১/৪ কাপ

কাঠবাদাম ১/৪ কাপ, কিশমিশ ৩ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।

রান্না প্রণালি: একটি পাত্রে গুঁড়া করা গুড় ঢেলে মাঝারি আঁচে রাখুন। এর সঙ্গে ১/৪ কাপ পানি ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।

গুড় গলে গিয়ে সিরাপের মতো হয়ে গেলে আরও কয়েক মিনিট নাড়ুন।

তারপর সিরাপটি ঘন হয়ে গেলে কাঠবাদাম, ভাজা চীনা বাদাম, কিশমিশ ও মুড়ি মিশিয়ে দিন। এরপর আরও মিনিট দু-এক রেখে দিন, যাতে পুরো মুড়ির সঙ্গে এটা ঠিকমতো মিশে যায়।

এবার একটি টিনের ট্রেতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে তার উপর মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। গরম থাকা অবস্থাতেই একটি ছুরি দিয়ে বারের আকারের কাটার চিহ্ন দিয়ে রাখুন। পরে কাটতে সুবিধা হবে।

এরপর মিশ্রণটি ঠান্ডা ও শক্ত হয়ে গেলে সেই চিহ্ন ধরে আয়তকার আকৃতিতে কেটে কেটে পরিবেশন করুন। কয়েক দিন রেখে খেতে হলে এয়ারটাইট কৌটোতে ভরে রাখুন, তাহলে মুচমুচে থাকবে।