গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত নৌরুট চালু ও ব্রহ্মপুত্র সেতু বা টানেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে এ কর্মসূচি পালন করে নাগরিক মঞ্চ। সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট রুটে ফেরি সার্ভিস চালুর বিশাল এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ১২৪ কোটি ৭৭ লাখ থেকে বাড়িয়ে ১৪৫ কোটি ২ লাখ টাকা ও মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু বিআইডাব্লিউটিএ এত বিপুল পরিমাণ টাকা ব্যয়ের পর বলেছে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। গাইবান্ধা নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান র্যাফেলের সভাপতিত্বে ও জেলা সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব মনজুর আলম মিঠুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, প্রবীণ সাংবাদিক এসকে মজিদ মুকুল প্রমুখ।