চট্টগ্রামের মিরসরাইয়ে একটি হ্যাচারিতে বিষ ঢেলে মাছের পোনা নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে বারইয়ারহাট পৌরসভার আরশা হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
আরশা হ্যাচারির মালিক আমজান হোসেন মিলন জানান, বারইয়ারহাট পৌর সদরের বাস স্টপেজ সংলগ্ন প্রায় এক একর জায়গায় পুকুর খনন করে তিনি হ্যাচারি গড়ে তোলেন। সোমবার সকালে এসে দেখতে পান হ্যাচারির প্রায় সাড়ে তিন লাখ পাঙ্গাস মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে পানিতে ভাসছে। প্রথমে পানিতে অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে মনে করে ডাক্তার ডেকে আনেন। কিন্তু ডাক্তার আসার পর জানতে পারেন হ্যাচারিতে কেউ বিষ ঢেলে দেওয়ায় মাছগুলো মরে গেছে। এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, হ্যাচারিতে বিষ দিয়ে মাছ নিধনের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।