ওয়েবের দুনিয়ায় পা রাখলেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এখন তিনি শ্যুটিং করছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘মাফিয়া’র। এই কাজ ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ওয়েবে অভিষেক...
আমি নির্দিষ্ট গন্ডিকে কখনো বেঁধে রাখিনি। আমার ক্যারিয়ারের দিকে খেয়াল করলে দেখবেন, অনেক চিরাচরিত প্রথাকে ভেঙে কাজ করেছি। আমি যখন চলচ্চিত্রে এলাম, অনেকেই বলত নাটক থেকে কেউ সিনেমায় এসে ভালো করতে পারেনি। আমি কারও কথা না শুনেই কাজ করেছি চলচ্চিত্রে। আবার যখন নাটক করতে গেলাম অনেকেই বলেছে চিত্রনায়ক হয়ে নাটক করলে সিনেমা আর চলবে না। একইভাবে কথা শুনেছি যখন শৈল্পিক সিনেমা ‘গহীনে শব্দ’, ‘জোনাকীর আলো’ কিংবা ‘পদ্ম পাতার জল’-এ কাজ করেছি। সবাই বলেছে কমার্শিয়াল সিনেমার নায়ক হয়ে এ ধরনের সিনেমা করলে ফ্লপ হতে হবে। কিন্তু আমি প্রশংসাই পেয়েছি। তেমিন ওয়েব নিয়েও আমার কোনো অনীহা ছিল না। তবে সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। শাহিন সুমন ভাই যখন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের প্রস্তাব দেন তখনই মনে হয়েছে এই কাজটি দিয়ে আমি ওয়েবে অভিষেক ঘটাতে পারি। প্রথমত, এই নির্মাতার সঙ্গে আমার তিনটি সিনেমাই (অংক, রাস্তার ছেলে ও ৫ টাকার প্রেম) সুপারহিট। দ্বিতীয়ত, এর গল্পে টানটান উত্তেজনা আছে। তৃতীয়ত, জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলনসহ বাঘা অভিনেতাদের সহশিল্পী হিসেবে পেয়েছি। নায়িকা মাহিয়া মাহি ও আঁচল। সব মিলিয়ে কাজটি না করার কিছু নেই। এ ধরনের ব্যতিক্রমী ও বড় আয়োজনের কাজ হলে সব সময় নিজেকে ভাঙতে প্রস্তুত।
মাফিয়া...
গত ২৪ আগস্ট থেকে টানা কাজ করছি ‘মাফিয়া’র। মানিকগঞ্জের পিংক ভ্যালিতে শ্যুটিং হচ্ছে। মনেই হচ্ছে না ভিন্ন একটি মাধ্যমে কাজ করছি। আমার বরং মনে হচ্ছে বিগ বাজেটের সিনেমার চেয়ে বড় পরিসরে কাজ হচ্ছে ‘মাফিয়া’র। আমি ১ সেপ্টেম্বর পর্যন্ত কাজ করব। এটি আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে। আমি হিরোর ভূমিকায়। পুরো গল্প বলতে চাই না। আমার চরিত্রটি ইয়ো ইয়ো টাইপের এক যুবকের। যে রক অ্যান্ড রোল গান শোনে। কিন্তু ঘটনা পরিক্রমায় আমি আর মাহি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠি। শুনেছি এটি শাপলা মিডিয়ার ওয়েব প্ল্যাটফর্ম সিনেবাজের পাশাপাশি পূর্ণাঙ্গ সিনেমা হিসেবে সেন্সর নিয়ে সিনেমা হলেও মুক্তি পাবে।
অন্য কাজ...
প্রতিটি কাজের আগেই নিজেকে প্রস্তুতের জন্য কিছুদিন সময় দিই। ‘মাফিয়া’ শেষ করে নতুন সিনেমা ‘কাগজ : দ্য পেপার’-এর জন্য প্রস্তুতি নেব। কারণ, এটিও ভিন্ন ঘরানার সিনেমা। আমাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। এখানে আমি একজন কবি। তবে মানসিকভাবে নানা ধরনের লেয়ার আছে। কী ধরনের লুকে হাজির হব সেটি নিয়েও ভাবতে হবে। আমার নায়িকা আইরিন সুলতানা। এরপর ‘কানামাছি’ সিনেমার কাজ ধরব। সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ সিনেমাটি নিয়েও আমি আশাবাদী। ববির সঙ্গে এই সিনেমাটি বিগ বাজেটের। ফারুক রিজভীর সিনেহল প্রযোজিত প্রথম সিনেমা। এই সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।