এক মাস ধরে হাতেগোনা কয়েকটি ছাড়া প্রায় সব জেলায়ই করোনা সংক্রমণ নিম্নমুখী। কিন্তু মুন্সীগঞ্জ জেলার চিত্র সম্পূর্ণ বিপরীত। গত এক সপ্তাহে মুন্সীগঞ্জে করোনা শনাক্তের হার উদ্বেগজনক বলে জানা গেছে। গত ২৩ থেকে ২৯ আগস্ট (রবিবার) পর্যন্ত সারা দেশে কভিড-১৯ রোগী শনাক্তের হার যেখানে ১৪ দশমিক ৩৪ শতাংশ, সেখানে মুন্সীগঞ্জে এই হার ৪০ শতাংশের বেশি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত এক সপ্তাহে জেলায় মোট ২ হাজার ৮৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ৮৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণের শতকরা হিসাবে যা ৪০ দশমিক ২৫ শতাংশ। জানা যায়, গত এক সপ্তাহে মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। আর গতকাল পর্যন্ত করোনা ডেডিকেটেড সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এর আগে মুন্সীগঞ্জ ছাড়া দেশের আরও ছয়টি জেলায় গত এক সপ্তাহে করোনার সংক্রমণ হার ২০ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে চারটি জেলাই ঢাকা বিভাগে। যদিও দেশে সংক্রমণের শুরু থেকেই ঢাকা বিভাগে সংক্রমণ-মৃত্যু বেশি ছিল এবং এখনো আছে।
মুন্সগিঞ্জ জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি কাজী নাহিদ রাসুল সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ ঠেকাতে পৌরসভা, ইউনিয়ন, গ্রাম-পাড়া-মহল্লা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে, ঢাকার বাইরে কয়েকটি বিভাগীয় শহরের করোনা সংক্রান্ত খবরাখবর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি
ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে-
মমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন এবং জামালপুরের একজন রয়েছেন। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন।
খুলনা বিভাগে এক দিনে ৫ মৃত্যু : খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের। গতকাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সূত্র জানায়, মৃতদের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ১৮, যশোরে ২৬, নড়াইলে ৭, মাগুরায় ১৩, ঝিনাইদহে ২৬, কুষ্টিয়া ৭৯, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছেন।
রামেক হাসপাতালে ১৪ মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল থেকে গতকাল সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩৪৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৭ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৬৯ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়।