চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া অনুষ্ঠানে ‘পদবঞ্চিত’ ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর লোকমান হাকিম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, ছাত্রলীগ নেতা বিজয় বড়ুয়াসহ পাঁচ-ছয়জন আহত হয়েছেন। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আলোচনা সভার শেষদিকে প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বক্তব্য শেষ হলে হামলার ঘটনা ঘটে। পরে সভা সেখানেই পণ্ড হয়ে যায়। পরে বিক্ষুব্ধরা প্রায় আধঘণ্টার মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট, বাগিচাহাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

চন্দনাইশ থানার ওসি মো. নাসিরউদ্দিন সরকার বলেন, ‘চন্দনাইশ উপজেলা ও গাছবাড়িয়া ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায় বলে শোনা যাচ্ছে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’